হোমপেজ বিশ্বখবর ইরানে হামলায় সফলতার সম্ভাবনা খুবই কম: জার্মানি

ইরানে হামলায় সফলতার সম্ভাবনা খুবই কম: জার্মানি

 
 

১৫ ফেব্রুয়ারি: ইরানের ওপর যেকোনো হামলার পরিণতির বিষয়ে ইসরাইলকে সতর্ক করে দিয়েছে জার্মানি। জার্মান প্রতিরক্ষামন্ত্রী থমাস দে মায়েরি দেশটির একটি দৈনিককে দেয়া সাক্ষাৎকারে বলেন, “ইরানে হামলা চালিয়ে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম।”

 
তিনি মনে করেন, এ ধরনের ঝুঁকি নিলে ইসরাইল অবশ্যই রাজনৈতিক ক্ষতির শিকার হতে হবে। গত কয়েক সপ্তাহ ধরেই ইসরাইলি নেতারা ইরানে হামলার হুমকি দিয়ে আসছেন।

 ৯ ফেব্রুয়ারি ইসরাইলি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “পাশ্চাত্যের অবরোধের পরও ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ না হলে তেল আবিব সামরিক অভিযানের বিষয়টি বিবেচনা করবে।”

এদিকে, ইরানে হামলার পরিণতির বিষয়ে ইসরাইলের বিরোধী নেতারা সরকারকে সতর্ক করে দিয়েছেন। ইসরাইলের একজন প্রভাবশালী বিরোধী নেতার বরাত দিয়ে দৈনিক হারিতয লিখেছে, “ইরানে হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে আগুন জ্বলবে। হাজার হাজার ক্ষেপণাস্ত্র ইসরাইলে এসে পড়বে। যুদ্ধের প্রথম কয়েক দিনেই রাজধানী তেল আবিবে শত শত রকেট আঘাত হানবে। আর মাসের পর মাস ধরে যুদ্ধ চলবে। এতে অর্থনীতিতে মারাত্মক ধস নামবে।”

দৈনিকটি আরো লিখেছে, “ইরানের পরমাণু স্থাপনাগুলোর ওপর হামলার মাধ্যমে দেশটির পরমাণু কর্মসূচিকে কেবল দুই থেকে তিন মাস পিছিয়ে দেয়া সম্ভব হতে পারে, এর বেশি নয়।”

পরমাণু অস্ত্র তৈরির চেষ্টার অভিযোগ তুলে পশ্চিমা দেশগুলো ইরানের বিরুদ্ধে নানা নিষেধাজ্ঞা আরোপের পাশাপাশি হামলার হুমকি অব্যাহত রেখেছে।

 

By A Web Design