ড্রোন হামলা নিয়ে মুখ খুললেন ওবামা

২ ফেব্রুয়ারি: পাকিস্তানে নিয়মিত ড্রোন হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই প্রথমবারের মতো বিষয়টি নিশ্চিত করলেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। আল কায়দা ও তালেবানের অবস্থান লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। এখন পর্যন্ত এ হামলা আনুষ্ঠানিক স্বীকৃত নয়। সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে যুক্তদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয় বলে জানান ওবামা। ওবামার মন্তব্যের পর পাকিস্তান এক প্রতিক্রিয়ায় ড্রোন হামলাকে বেআইনি ও অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। খবর এএফপি, বিবিসি ও ডন নিউজের।
সার্চ ইঞ্জিন গুগলের সামাজিক যোগাযোগ সাইট গুগলপ্লাসের সঙ্গে সোমবার এক ঘণ্টাব্যাপী ভিডিও 'আড্ডা'য় মার্কিন প্রেসিডেন্ট এ কথা জানান। সাধারণত যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা ড্রোন হামলা সম্পর্কে খোলাখুলি কিছু বলেন না।
ওবামা বলেন, 'সক্রিয় সন্ত্রাসীর তালিকায় রয়েছে এমন লোকদের ওপর হামলা প্রচেষ্টা হিসেবেই ওই ড্রোন ব্যবহার করা হচ্ছে। গুগলপ্লাসের আড্ডা শুরুর আগে ১ লাখ ৩০ হাজারেও বেশি প্রশ্ন জমা পড়ে। এ ছাড়া ছয় জনকে অনলাইনে ওবামার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।
ড্রোন হামলার ব্যবহার ও তার শাসনামলে এ হামলা বৃদ্ধির কারণ জানতে চাওয়া হলে ওবামা বলেন, পাকিস্তানের কেন্দ্র নিয়ন্ত্রিত আদিবাসী এলাকাগুলোতে (এফএটিএ) এ ধরনের প্রচুর হামলা হচ্ছে।
সেই সঙ্গে তিনি আরও বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তবর্তী দুর্গম অঞ্চলগুলোতে গড়ে ওঠা আল কায়দা সন্দেহভাজনদের লক্ষ্য করে হামলা চালানো হয়।' ড্রোন হামলা যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালনা করে থাকে বলেও জানা যায়।
একই সাক্ষাৎকারে ওবামা ইরাকে ড্রোন হামলার খবর প্রত্যাখ্যান করেছেন। তিনি জানান, ইরাকের মার্কিন দূতাবাসে গোয়েন্দা ও নিরাপত্তার কাজেই ড্রোন ব্যবহার করা হচ্ছে। ইরাকে ড্রোন হামলা করা হচ্ছে না বলে জানান তিনি। সোমবার নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে ইরাকে ড্রোন হামলার কথা জানায়। এতে ইরাকে ব্যাপক ক্ষোভ দেখা দেয়।
এদিকে পাকিস্তান গতকাল মঙ্গলবার স্বীকার করেছে, তালেবান আল কায়দা জঙ্গিদের ওপর ড্রোন হামলা কৌশলগত সুবিধা এনে দিয়েছে। তবে ওবামার পাকিস্তানের মাটি থেকে মার্কিন ড্রোন হামলার কথা স্বীকার করার বিষয়ে কোনো মন্তব্য না করলেও হামলাকে বেআইনি ও অগ্রহণযোগ্য বলেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে বেআইনি ও অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল বাসিত টেক্সট মেসেজের মাধ্যমে এএফপিকে জানান, ড্রোন হামলার কিছু কৌশলগত সুবিধা থাকলেও এটা বেআইনি ও অগ্রহণযোগ্য। তিনি বলেন, এ বিষয়ে আমাদের অবস্থান খুবই পরিষ্কার।