ইরান ইস্যুর শান্তিপূর্ণ সমাধান সম্ভব :ওবামা

২৭ জানুয়ারি: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ইরানের বিতর্কিত পরমাণু সমস্যার এখনও শান্তিপূর্ণ সমাধান সম্ভব। এ ছাড়া তার দেশে ধনী এবং দরিদ্রের মধ্যে অর্থনৈতিক বৈষম্য কমানোর প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গতকাল হোয়াইট হাউসে স্টেট অব ইউনিয়ন ভাষণে তিনি এসব কথা বলেন। দেশটির ধনকুবেরদের ওপর কর বাড়ানোয় গুরুত্ব দিয়েছেন তিনি। উচ্চবিত্তদের ওপর কমপক্ষে ৩০ শতাংশ কর বাড়ানোর প্রস্তাব করেছেন ওবামা। চীনের উদীয়মান অর্থনীতিকে মোকাবেলায় নতুন নীতির ঘোষণাও দিয়েছেন তিনি। খবর এএফপি, রয়টার্স, বিবিসি।
ইরানের পরমাণু ইস্যুতে ওবামা বলেন, ইরানের পরমাণু ইস্যু শান্তিপূর্ণ ও কূটনৈতিক সমাধানের পথ এখনও খোলা রয়েছে। তিনি বলেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে, আমেরিকা ইরানকে পরমাণু অস্ত্র বানানোর ইচ্ছা থেকে প্রতিহত করবে। এবং এটা করতে যে কোনো ধরনের ব্যবস্থা আমেরিকা গ্রহণ করবে। কিন্তু এখনও এ ইস্যুতে একটি শান্তিপূর্ণ সমাধান সম্ভব এবং এটাই সবচেয়ে উত্তম উপায়। এ ছাড়া চীনকে মোকাবেলায় নতুন ব্যবসায়িক কৌশলের ঘোষণা দেন তিনি। তিনি বলেন, আমাদের প্রতিযোগীরা যখন কোনো নিয়ম মানে না, তখন আমরা এ নিয়মের অধীন থাকতে পারি না। তিনি বলেন, বিশ্বে যে কোনো দেশে বাজার সম্প্রসারণে আমাদের কাজ করা উচিত। দৃশ্যত, এ ভাষণে ওবামা তার নির্বাচনী প্রচার শুরু করেছেন বলেই মনে করছেন বিশ্লেষকরা। কারণ তার এ বক্তব্য চলতি বছরের শেষদিকে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সাজানো ছিল। উল্লেখ্য, প্রথা অনুযায়ী যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বছরের শুরুতেই কংগ্রেসের যৌথ অধিবেশনে বক্তৃতা দিয়ে থাকেন। এ বক্তব্যে বছরব্যাপী মার্কিন প্রেসিডেন্টের কর্মসূচিগুলোর প্রাধান্য থাকে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ৯টা থেকে প্রায় এক ঘণ্টা ১০ মিনিট বক্তব্য রাখেন ওবামা।
ওবামা তার বক্তব্যে বলেন, তার প্রধান লক্ষ্য হচ্ছে মার্কিন উচ্চবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে বিরাজমান অসাম্য দূর করা। যুক্তরাষ্ট্রে কর ব্যবস্থায় মধ্যবিত্তদের তুলনায় উচ্চবিত্তদের করের হার কম। ওবামা বলেন, অর্থনৈতিক অসাম্যের কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবিত্তরা আজ চরম ঝুঁকিপূর্ণ অবস্থায়। এ অবস্থায় আমরা একটি ভারসাম্যপূর্ণ আইন করতে পারি। সমাজের উচ্চবিত্তদের কমপক্ষে ৩০ শতাংশ কর দেওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। চলতি বছরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে কর প্রধান ইস্যু হবে বলেই ধারণা করা হচ্ছে। ভাষণে যুক্তরাষ্ট্রের ধনী-গরিব সবার জন্য একই আইন করার আহ্বান জানান তিনি। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত পর্যন্ত সবার জন্য একই আইন হওয়া প্রয়োজন_ বলেন তিনি। ২০০৭-০৯ সালের অর্থনৈতিক সংকট কাটিয়ে যুক্তরাষ্ট্রের অর্থনীতি আবার ঘুরে দাঁড়াচ্ছে বলে দাবি করেন ওবামা। এ ছাড়া দেশটির বাড়ির মালিকদের বন্ধকি ঋণ থেকে রেহাই দেওয়ার একটি নতুন খসড়া প্রস্তাবও পেশ করেন তিনি। তার এ প্রস্তাব জনপ্রিয় হবে বলেই ধারণা করা হচ্ছে।