হোমপেজ খেলাধুলা হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া ইংল্যান্ড

হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া ইংল্যান্ড

 
 

৩ ফেব্রুয়ারি : পাকিস্তান-ইংল্যান্ড ক্রিকেট সম্পর্ক প্রায় ৫৮ বছরের। অর্ধশতাব্দীরও বেশি সময় দু'দলের কেউ কাউকে হোয়াইটওয়াশ করতে পারেনি। এবার বেশ ভালো একটি সুযোগ তৈরি হয়েছে পাকিস্তানের সামনে। দুবাইতে আজ থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজের শেষ ম্যাচেও যদি ইংলিশদের হারাতে পারে তাহলে মিসবাহ-উল হকের দল নতুন ইতিহাস সৃষ্টি করবে। সে লক্ষ্যেই আজ মাঠে নামছে উজ্জীবিত পাকিস্তান। অন্যদিকে অ্যান্ড্রু স্ট্রাউসের ইংল্যান্ড মাঠে নামছে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে। টেস্ট র‌্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রাখার সঙ্গে হোয়াইটওয়াশ এড়াতেও মরিয়া তারা। দুবাইতে প্রথম টেস্টে ১০ উইকেটে এবং দ্বিতীয় টেস্টে আবুধাবিতে ৭২ রানে হেরে ইতিমধ্যে সিরিজ খুইয়েছে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচে পাকিস্তানি স্পিন রহস্যই উম্মোচন করতে পারেনি তারা। বরং, দুবাইতে আজ থেকে শুরু হতে যাওয়া শেষ টেস্টেও তাদের মধ্যে ছড়িয়ে পড়েছে স্পিনভীতি। আজমল, রেহমান আর হাফিজকে কীভাবে মোকাবেলা করবে সে চিন্তাতেই ব্যস্ত ইংলিশরা। এ জন্য কোচকে সঙ্গে নিয়ে ব্যাটসম্যানদের জরুরি বৈঠকের খবরও বেরিয়েছে পত্রিকায়।

ইংলিশদের ভাবনায় যখন হোয়াইটওয়াশ, তখন পাকিস্তানের ভাবনায়ও একই বিষয়। তবে তাদের চিন্তাটা হলো হোয়াইটওয়াশ করানোর। পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল হক স্পষ্টই জানিয়েছেন, 'বিশ্বের শীর্ষ একটি দলকে হোয়াইটওয়াশ করা সত্যিই গৌরবের। আমরা চাই বিশেষ এ কৃতিত্ব অর্জন করতে।' তবে এত বড় অর্জনের সামনে দাঁড়িয়ে আবেগে ভেসে যেতে রাজি নন মিসবাহ, কিংবা অতিরিক্ত চাপও নিতে রাজি নন তিনি। দুবাইতে সাংবাদিকদের তিনি বলেন, 'প্রথম দুই ম্যাচে যেভাবে দল পারফর্ম করে আসছে তা ধরে রাখাই আমাদের মূল লক্ষ্য। তবে এ নিয়ে নিজেদের মধ্যে অতিরিক্ত চাপ নেব যে তা নয়।' মিসবাহর মূল ভরসা দুই স্পিনার সাঈদ আজমল আর আবদুর রেহমানের ওপর। আজমল ইতিমধ্যে ১৭টি এবং রেহমান নিয়েছেন ১২ উইকেট। তিনি বলেন, 'আমি মনে করি, তারা দু'জনই এ সময় খুব ভালো বোলিং করছেন। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের ওপর দারুণ চাপ তৈরি করতে পারেন তারা। আমার বিশ্বাস, তাদের কারণে ইংলিশ ব্যাটসম্যানদের আত্মবিশ্বাসও কমে গেছে অনেক।' দলে কোনো পরিবর্তন আনা হবে কি-না জানতে চাইলে মিসবাহ ইঙ্গিত দিলেন উইনিং কম্বিনেশনই ধরে রাখবেন। ইংলিশদের সম্মান করেই মিসবাহ বলেন, 'সন্দেহ নেই, ইংল্যান্ড বিশ্বসেরা একটি দল। যে কারণে তাদের হারানো খুবই কঠিন। তবে আমরা আমাদের সেরাটা দিয়েই চেষ্টা করব।'

পাকিস্তানি স্পিন নিয়েই যত দুশ্চিন্তা ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের। তিনি বলেন, 'স্পিনের বিপক্ষে খেলা সত্যিই কঠিন। যে উইকেটে খেলা হবে তাতে অভ্যস্ত হয়ে উঠতেই বেশ সময় লেগে যায়। আমি খুব আশাবাদী। ২-০-তে পিছিয়ে থাকা অবশ্যই খারাপ লাগার বিষয়। তবে আমরা চাই ঘুরে দাঁড়াতে এবং যেভাবেই হোক ৩-০ হার এড়াতে।' মিডল অর্ডারে ইয়ান মরগানের পরিবর্তে নেওয়া হতে পারে রবি বোপারাকে। তবে পেটের পীড়ায় অসুস্থ ইয়ান বেল সুস্থ বলে জানিয়েছেন স্ট্রাউস।

 

By A Web Design