হোমপেজ রাজনীতি প্রধানমন্ত্রী নিজেই সাগর-রুনির হত্যাকাণ্ড মামলাটি তদারক করছেন :স্বরাষ্ট্রমন্ত্রী

প্রধানমন্ত্রী নিজেই সাগর-রুনির হত্যাকাণ্ড মামলাটি তদারক করছেন :স্বরাষ্ট্রমন্ত্রী

১৯ ফেব্রুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, প্রধানমন্ত্রী নিজে সাংবাদিক সাগর সরওয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের হওয়া মামলা তদারক করছেন। এ মামলা ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ নেই। পুলিশ সে চেষ্টা করছেও না। গতকাল শনিবার সকালে রাজধানীর গেণ্ডারিয়ায় মিলব্যারাক পুলিশ লাইন্সে আউটডোর শুটিং রেঞ্জের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আমি নিজে আইজিপিকে নিয়ে মামলাটি তদারক করছি। কারও চাপ বা প্রভাবে এ মামলা ধামাচাপা দেওয়ার প্রশ্নই আসে না। এ আশঙ্কা অমূলক।

সাহারা খাতুন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আশ্বস্ত করতে চাই_ অবশ্যই সাংবাদিক দম্পতি হত্যারহস্য উদ্ঘাটন হবে। জড়িতরাও ধরা পড়বে।

দোষীদের আড়াল করতে প্রভাবশালী কারও চাপ আছে কি-না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর চেয়ে বড় প্রভাবশালী আর কে আছেন। যেখানে প্রধানমন্ত্রী নিজেই মামলার বিষয়টি তদারকি করছেন, নির্দেশনা দিচ্ছেন; সেখানে কারও কোনো প্রভাব বা চাপে দোষীদের আড়াল করা সম্ভব নয়। বর্তমান গণতান্ত্রিক সরকারের আমলে এ ধরনের কোনো ঘটনাই ধামাচাপা দেওয়া হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটাও কোনোভাবে সম্ভব নয়। কেউ এর ব্যত্যয় ঘটাতে চাইলে শাস্তি পেতে হবে।

তদন্তে সময় লাগছে কেন_ জানতে চাইলে সাহারা খাতুন বলেন, যারা বিষয়টি তদন্ত করছেন, তারাই এ ব্যাপারে ভালো বলতে পারবেন। তবে একটি হত্যার ঘটনা তদন্ত করতে গেলে অনেক ডালপালা বের হয়। সবকিছুই তদন্ত করতে হয়।

এর আগে আউটডোর শুটিং রেঞ্জের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দিন দিন পুলিশ বাহিনীতে সদস্যসংখ্যা বাড়লেও প্রয়োজনীয় শুটিং রেঞ্জ ছিল না। ফলে পুলিশ সদস্যদের অস্ত্র অনুশীলন ও প্রশিক্ষণ নিতে সমস্যা হতো। তবে আধুনিক এ শুটিং রেঞ্জের কার্যক্রম শুরু হওয়ায় বাহিনীর সদস্যরা উন্নত অনুশীলনের সুযোগ পাবেন এবং অস্ত্র চালনায় আরও দক্ষ হয়ে উঠবেন।

অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি আমির উদ্দিন, র‌্যাবের ডিজি মোখলেসুর রহমান, এসবি প্রধান জাবেদ পাটোয়ারী, ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমানসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা বক্তব্য রাখেন।

By A Web Design