হোমপেজ জাতীয় তদন্ত সম্পর্কে আমার বলা উচিত না: স্বরাষ্ট্রমন্ত্রী

তদন্ত সম্পর্কে আমার বলা উচিত না: স্বরাষ্ট্রমন্ত্রী

 
 


১৮ ফেব্রুয়ারি: সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ড বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন বলেছেন, “তদন্ত সঠিকভাবেই চলছে। তদন্ত করেই আসল লোকদেরকে বের করা হবে। মন্ত্রী হিসেবে তদন্ত সম্পর্কে আমার কিছুই বলা উচিত না।”

শুক্রবার বিকেলে গাজীপুরের হারবাইদ উচ্চ বিদ্যালয়ের ৪৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থীদের পূণর্মিলনী অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে খুনীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারে তার আগের ঘোষণা প্রসঙ্গে বলেন, “৪৮ ঘণ্টার মধ্যে খুনিদের ধরতে হবে, এটা বলে আইনপ্রয়োগকারী সংস্থার ওপর চাপ সৃষ্টি করতে চেয়েছি। তাদের ওপর একটু চাপ তো রাখতেই হবে। তাতে তারা সোচ্চার হয়েছে এবং আছে।”

এর আগে স্কুলের প্রধান শিক্ষক মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্য দেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য মেহের আফরোজ চুমকী ও টঙ্গী পৌরসভার মেয়র আজমত উল্লাহ খান।

এ সময় সাহারা খাতুন  বলেন, ‘‘গোলাম আযম, সাকা চৌধুরীরা ’৭১ সালে রাজাকার আলবদর বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল। তারা বুদ্ধিজীবীদের হানাদারদের হাতে তুলে দিয়েছিল। আজকে বিএনপি তাদের সহযোগিতা করছে। বিএনপি তাদের শাসনামলে জামায়াতকে ক্ষমতায় বসিয়ে গাড়িতে লাল-সবুজ পতাকা তুলে দিয়েছিল। এখন তারা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র করছে।”

তিনি সবাইকে যুদ্ধাপরাধীদের বিচার বানচারকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

 

By A Web Design