হোমপেজ জাতীয় চার ধাপে ভোটার তালিকা হালনাগাদ হবে: সিইসি

চার ধাপে ভোটার তালিকা হালনাগাদ হবে: সিইসি

 
 


১৭ ফেব্রুয়ারি: দেশব্যাপী ভোটার তালিকা চারটি ধাপে হালনাগাদ করা হবে।হালনাগাদ কাজ শুরু হবে ১০ মার্চ থেকে।প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে বৈঠকে এই তথ্য জানিয়েছেন।

 সিইসি জানান, প্রথম তিনটি ধাপে ১৪০টি করে উপজেলায় এবং চতুর্থ ধাপে ৯২ উপজেলায় (সিটি করপোরেশনসহ) বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে।

তিনি আরো জানান, বিভক্ত ঢাকা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হয়নি।তবে প্রস্তুতিমূলক কাজ এগিয়ে চলছে।এ-সংক্রান্ত আইনের সংশোধনীর পর ঢাকা সিটির নির্বাচন নিয়ে কমিশন সভায় আলোচনা হবে।

সিইসির সভাপতিত্বে ইসির বৈঠকে অপর চার নির্বাচন কমিশনার আবু হাফিজ, আবদুল মোবারক, জাভেদ আলী ও মো. শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে ভোটার তথ্য সংগ্রহ করা হবে ১০ থেকে ১৯ মার্চ পর্যন্ত।দ্বিতীয় ধাপে ১৯ থেকে ২৮ জুন, তৃতীয় ধাপে ৪ থেকে ১২ অক্টোবর এবং শেষ ধাপে তথ্য সংগ্রহ করা হবে ২০১৩ সালের ১৮ থেকে ২৬ জানুয়ারি।চার পর্বের এই কাজ শেষ হবে ২০১৩ সালের সালের এপ্রিলের মধ্যে।

জানা গেছে, নতুন ইসি ভোটার তালিকার সামগ্রিক কাজ দেখভালের জন্য কেন্দ্রীয় সমন্বয় কমিটি গঠন করেছে। ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ সাদিকের নেতৃত্বাধীন এই কমিটিতে স্বরাষ্ট্র এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইসির সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৬ সালে ১ জানুয়ারি যাদের জন্ম বা যারা এর আগে ভোটার হতে পারেননি, তারা এবার তালিকাভুক্ত হওয়ার সুযোগ পাবেন।পাশাপাশি মৃত ভোটারদের তালিকা থেকে বাদ দেয়া হবে।

ইসি সচিবালয় সংশ্লিষ্টদের মতে, হালনাগাদ প্রক্রিয়ার মাধ্যমে ৮৫ লাখ থেকে ৯০ লাখ (১০ শতাংশ) নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারে।২০০৮ সালের নবম সংসদ নির্বাচনের আগে ভোটার সংখ্যা ছিল আট কোটি ১০ লাখ ৫৮ হাজার ৬৯৮ জন।২০০৯ সালে হালনাগাদে পাঁচ শতাংশ বেড়ে তা হয়, আট কোটি ৫৭ লাখ।

 

By A Web Design