প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

৪ ফেব্রুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন আবারও বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চলছেই। শুক্রবার বিকেলে রাজধানীর উত্তরার আবদুল্লাহ মেমোরিয়াল একাডেমীর মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগেও স্বরাষ্ট্রমন্ত্রী বেশ ক'বার এরকম শঙ্কা প্রকাশ করেন। তিনি বলেন, বিএনপির ঘাড়ে ভর করে জামায়াত সামনের দিকে এগোতে চাইছে। তারা শিবিরসহ বিভিন্ন জঙ্গি সংগঠন তৈরির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টাও করছে।
তিনি বলেন, সরকার যুদ্ধাপরাধী ও দুর্নীতিবাজদের বিচার শুরু করেছে। কিন্তু খালেদা জিয়া যুদ্ধাপরাধী জামায়াতকে নিয়ে এসব বিচার বাধাগ্রস্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। তাদের এ অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করা হবে।
বিরোধীদলীয় নেতার উদ্দেশে তিনি বলেন, খালেদা জিয়া মুক্তিযুদ্ধের সময় ছিলেন ক্যান্টনমেন্টে। এ জন্য তিনি জানেন না কারা যুদ্ধাপরাধী। সম্প্রতি বিএনপি-জামায়াত ক্যান্টনমেন্টে বিশৃঙ্খলা সৃষ্টি ও প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছিল। কিন্তু আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী তা হতে দেয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারা দেশের উন্নয়ন চায় না। দেশ থেকে জঙ্গিবাদ দূর হোক সেটাও চায় না। কিন্তু বর্তমান সরকার গত তিন বছরে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করেছে। আগামী দু'বছরের মধ্যে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি জিরো টলারেন্সে নিয়ে আসা হবে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর পরিচালনা পরিষদের সভাপতি মাহবুবুল ইসলাম ইকবাল। আরও উপস্থিত ছিলেন তুরাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হালিম, হরিরামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল হালিম প্রমুখ।

