হোমপেজ অর্থনীতি সাঙ্গুতে গ্যাসের সন্ধান

সাঙ্গুতে গ্যাসের সন্ধান

 
 


১৪ ফেব্রুয়ারি: দক্ষিণ এবং উত্তর-পূর্বে ব্যর্থতার পর বর্তমান সাঙ্গু ক্ষেত্রের ১১ নম্বর কূপে গ্যাস পেয়েছে সান্টোস এনার্জি। বঙ্গোপসাগরে প্রায় চার হাজার ২৩৯ মিটার গভীর পর্যন্ত খনন করে অস্ট্রেলিয়ান কোম্পানিটি গ্যাসের সন্ধান পেয়েছে। সান্টোস গতকাল পেট্রোবাংলাকে এ বিষয়টি নিশ্চিত করেছে।

এ সপ্তাহেই তারা সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গ্যাস পাওয়ার ঘোষণা দিতে পারে। কূপটিতে গ্যাসের মজুদ সম্পর্কে ধারণা নিতে এখন 'ডিএসটি' (ড্রিলিং স্টিম টেস্ট) পরীক্ষা চালানো হবে। লাভজনক মজুদ সম্পর্কে নিশ্চিত হলে আগামী মার্চেই কূপটি উৎপাদনে যাবে। প্রাথমিকভাবে সান্টোসের ধারণা, কূপটি উৎপাদনে গেলে সেখান থেকে দৈনিক দুই-তিন কোটি ঘনফুট গ্যাস পাওয়া যাবে।

এদিকে পেট্রোবাংলার একটি সূত্র জানায়, ১১ নম্বর কূপটি বর্তমান সাঙ্গু ক্ষেত্রে অবস্থিত। তাই উৎপাদন-বণ্টন চুক্তি (পিএসসি) অনুযায়ী সান্টোস ওই গ্যাস পেট্রোবাংলার কাছে নির্ধারিত মূল্যে বিক্রি করবে। কিন্তু সান্টোস বাড়তি মুনাফা পেতে কূপটির গ্যাস অন্য স্তরের দেখিয়ে তৃতীয় পক্ষের কাছে গ্যাস বিক্রির সুযোগ পাওয়ার চেষ্টা চালাচ্ছে। এর মাধ্যমে তারা গ্যাসের বাড়তি দাম আদায় করতে চায়। তাদের এ সুযোগ দেওয়া হলে তাতে পেট্রোবাংলা ক্ষতিগ্রস্ত হবে। তবে পেট্রোবাংলা তাদের এ সুযোগ দেবে না বলে সূত্রটি জানায়।

বঙ্গোপসাগরে অবস্থিত বাংলাদেশের একমাত্র গ্যাসক্ষেত্র সাঙ্গু। এটি ১৬ নম্বর ব্লকে অবস্থিত। ক্ষেত্রটির তিনটি কূপের দৈনিক উৎপাদন ক্ষমতা এক কোটি ৬০ লাখ ঘনফুট। বর্তমানে উৎপাদন হয় মাত্র ৯১ লাখ ঘনফুট। ধারাবাহিকভাবে উৎপাদন কমতে থাকায় নতুন কূপ খননের উদ্যোগ নেওয়া হয়।

By A Web Design