হোমপেজ সম্পাদকীয়

বাংলাদেশ সীমান্তে গুলি চালানো বন্ধ হবে না

 
 

বাংলাদেশ সীমান্তে গুলি চালানো বন্ধ হবে না: বিএসএফ প্রধান

ইনডিয়ার সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র প্রধান বলেছেন, বাংলাদেশ সীমান্তে তার বাহিনী গুলি চালানো বন্ধ করবে না। এর কারণ হিসেবে তিনি বলেন, “সীমান্তে অপরাধীদের থামাতে আমাদের ব্যবস্থা নিতেই হবে।” মঙ্গলবার রাতে রেডিও বিবিসি’কে দেয়া সাক্ষাৎকারে বিএসএফ’র মহাপরিচালক ইউকে বানসাল বলেন, “বাংলাদেশ সীমান্তে গুলি চালানো পুরোপুরি বন্ধ করা সম্ভব নয়।”

তিনি বলেন, ‘‘যতক্ষণ ইনডিয়া-বাংলাদেশ সীমান্তে অপরাধমূলক কাজ হতে থাকবে, ততক্ষণ সেই অপরাধ আটকাতেই হবে বিএসএফকে, সেটাই বাহিনীর দায়িত্ব।” বানসাল এ মন্তব্য করলেন এমন এক সময় যখন সীমান্তে ইনডিয়ার বাহিনীর হাতে বাংলাদেশীদের ওপর হত্যা-নির্যাতনের ঘটনা বাড়ছে।

এমন এক সময়ে বিবিসি’র বাংলা বিভাগের কলকাতাস্থ সাংবাদিক অমিতাভ ভট্টশালী বিএসএফ প্রধানের সাক্ষাৎকার নিলেন, যখন মঙ্গলবার বাহিনীটি জানিয়েছে যে ‘বাংলাদেশী চোরাকারবারীদের’ হামলায় আহত তাদের এক জওয়ান মারা গেছেন।

হাবিব নামে এক বাংলাদেশীকে বিএসএফ’র দক্ষিণবঙ্গ সীমান্ত অঞ্চলের আটজন সদস্য নগ্ন করে অমানুষিক অত্যাচার করে সম্প্রতি। অত্যাচারের ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। আর তার মধ্যেই ওই একই অঞ্চলে সন্দেহভাজন পাচারকারীদের আক্রমণে এক বিএসএফ সদস্য নিহত হলেন মঙ্গলবার।

মানবাধিকার কর্মীরা বলেন, চোরাচালান এমন অপরাধ নয়- যার শাস্তি মৃত্যুদণ্ড হতে পারে, আর বিএসএফ আদালত নয়। তাদের বিচার করার ক্ষমতাও নেই। বিএসএফ কাউকে আটক করে আদালতে সোপর্দ করতে পারে, কিন্তু তাদের গুলি চালনা অবৈধ ও আন্তর্জাতিক আইন অনুযায়ী অপরাধ।

By A Web Design