হোমপেজ রাজশাহী রাজশাহীতে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী গ্রেফতার

রাজশাহীতে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী গ্রেফতার

 
 

৩ ফেব্রুয়ারি : রাজশাহীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীদের গ্রেফতারে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু হয়েছে। নেতা-কর্মীদের বাড়ি বাড়ি ও মেসগুলোতে পুলিশ অভিযান চালিয়ে হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। রাজশাহীতে গত ৩০ জানুয়ারির গণমিছিলকে কেন্দ্র করে সংঘটিত জামায়াত-বিএনপি ও পুলিশের সংঘর্ষ এবং পুলিশের গুলিতে জামায়াত কর্মী নিহত হওয়ার ঘটনায় পুলিশ আরো পাঁচ নেতা-কর্মীকে গ্রেফতার করেছে। এরমধ্যে তিনজনকে দুইদিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ।

আরো ৫ জন গ্রেফতার

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ইমাউল হক জানান, এ ঘটনায় বোয়ালিয়া মডেল থানায় দুটি মামলায় আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে একজনকে ও গত বুধবার রাতে চারজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো নগরীর বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখা জামায়াতের আমির আমিনুল ইসলাম, শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক নূরুজ্জামান, শিবিরের সদস্য সানাউল্লাহ, নগরীর ইন্সটিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) শাখার সেক্রেটারি নাহিদ ও শিবির কর্মী হাবিবুর রহমান। তাদেরকে বৃহস্পতিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৩ এ চালান দেয়া হয়। তবে এর মধ্যে বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখা জামায়াতের আমির আমিনুল ইসলাম, শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার প্রচার সম্পাদক নূরুজ্জামান, শিবিরের সদস্য সানাউল্লাহকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে আবেদন জানানো হয়। পরে বিকেলে শুনানি শেষে আদালত এই তিনজনের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। অপর দুইজনকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন আদালত। অ্যাডভোকেট আবু মো: সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।

এসআই ইমাউল হক জানান, এর আগে গত মঙ্গলবার রাতে চারজনকে গ্রেফতার করা হয়। পরদিন বুধবার সকালে আদালতের আদেশে তাদের রাজশাহী জেলহাজতে পাঠানো হয়েছে। তারা হলো- কামরুজ্জামান, মোহাইমিনুল ইসলাম ওরফে মীম, আহাদ আলী ও জাববার।

তিনি আরো জানান, এ দুইটি মামলায় এর আগে গ্রেফতারকৃত সাত আসামির দুইদিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার আদালতের আদেশে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
 
এদিকে রাজশাহী মহানগর জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দ পুলিশ প্রশাসনের এহেন অন্যায় অভিযান থেকে বিরত থাকা এবং গ্রেফতারকৃত নিরীহ ছাত্রদের অবিলম্বে  মুক্তির জোর দাবি জানিয়েছেন।

 

By A Web Design