চট্রগ্রাম
'শুভেচ্ছা দূত' রবিঠাকুর
ঢাকা, অক্টোবর ০৫ (বিডিনিউজরুম ডটকম)- জন্মের সার্ধশত বার্ষিকীতে আধুনিক ভারতের 'শুভেচ্ছা দূত' হয়ে সুইজারল্যান্ডে 'প্রতিষ্ঠা' পেয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
ইউরোপের এ দেশটির লুসান বিশ্ববিদ্যালয়ে মঙ্গলবার উন্মোচিত হয়েছে রবিঠাকুরের একটি মূর্তি। ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল ব্রোঞ্জের এ মূর্তিটি উন্মোচন করেন বলে জি নিউজ জানায়।
নোবেলজয়ী রবিঠাকুরের বহুমুখী প্রতিভার বর্ণনায় প্রতিভা পাতিল বলেন, "তিনি ছিলেন একাধারে কবি, লেখক, শিল্পী, শিক্ষাবিদ, দার্শনিক। শুধু এতেই শেষ নয়, আধুনিক ভারতের শুভেচ্ছা দূত হিসেবে তার মতো যোগ্য কেউ নন।"
ভারতের স্বাধীনতা সংগ্রামে রবিসাহিত্যের অনুপ্রেরণার কথাও তুলে ধরেন প্রতিভা। বক্তৃতায় রবীন্দ্রনাথের সুইজারল্যান্ড সফরের কথাও তুলে ধরেন ভারতের রাষ্ট্রপতি।
বাংলাদেশের পাশাপাশি ভারতের জাতীয় সঙ্গীতের রচয়িতা রবিঠাকুর। তিনি দেশটির জাতীয় কবিও।
বাংলা সাহিত্যকে রবীন্দ্রনাথ দিয়ে গেছেন এক নতুন মাত্রা। তার রচিত সঙ্গীত, কবিতা ও গদ্য জড়িয়ে আছে বাঙালির সত্ত্বায়।
বাংলাদেশের স্বাধীনতার দীর্ঘ সংগ্রামসহ বিভিন্ন সঙ্কটে রবীন্দ্রনাথের গান ও কবিতা বাঙালিকে যুগিয়েছে সাহস, তার চেতনাকে করেছে শাণিত।
১৯১৩ সালে গীতাঞ্জলী কাব্যের জন্য নোবেল পুরস্কার পেয়ে সারা বিশ্বে বাংলা ভাষার মর্যাদা বাড়িয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ। বাংলা ভাষায় এটিই এখনো সাহিত্যে একমাত্র নোবেল পুরস্কার।
মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও সারদা দেবীর চতুর্দশ সন্তান রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম বাংলা ১২৬৮ সালের ২৫ বৈশাখ (৭ মে, ১৮৬১ খৃস্টাব্দ)। ১৩৪৮ সালের ২২ শ্রাবণ (৭ অগাস্ট, ১৯৪১ খৃস্টাব্দ) তার মৃত্যু হয়।
বিশ্ব হাত ধোয়া দিবসে শুরু হলো 'ডেটলের' প্রচারণা
ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজরুম ডটকম)- নতুন মা, শিশু এবং স্কুলের শিক্ষার্থীদের হাত ধোয়ার ওপর জোর দিয়ে বিশ্বের সর্বাধিক বিক্রিত জীবাণুনাশক 'ডেটল' বাংলাদেশে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রচারণায় নেমেছে।
শনিবার স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক রাজধানীতে একটি ভ্রাম্যমাণ মিনিবাসে এ প্রচারণা উদ্ধোধন করেন। চিকিৎসক এবং সেবিকার একটি দলসহ বাসটি সারা বাংলাদেশ ভ্রমণ করে বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা এবং হাত ধোয়ার ব্যাপারে উৎসাহিত করবে।
বিশ্ব হাত ধৌতকরণ দিবস উপলক্ষে সারাবিশ্বে এ দিবস পালনের অংশ হিসেবে এ প্রচারণা শুরু হয়।
বাংলাদেশের মাত্র ১৪ শতাংশ মানুষ খাদ্যদ্রব্য তৈরির আগে সাবান দিয়ে হাত ধোয় বলে এক জরিপে দেখা গেছে। এ দেশের বেশির ভাগ মানুষই জানে না অপরিচ্ছন্ন হাত ডায়রিয়াসহ আরো নানাবিধ রোগ সংক্রমণ করতে পারে।
অনুষ্ঠান উদ্ধোধনের সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, "যদি আমরা হাত ধোয়ার চর্চা অব্যাহত রাখি তাহলে ডায়রিয়াজনিত মৃত্যু এমনকি জীবাণু সসংক্রমণ কমে মাতৃমৃত্যুও কমে আসবে।"
ডেটল প্রস্তুতকারক প্রতিষ্ঠান রেকিট অ্যান্ড বেনকিজারের ব্যবস্থাপনা পরিচালক রেজাউল চৌধুরী বলেন, "২০১৩ সালের মধ্যে প্রায় এক লাখ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঠিক উপায়ে হাত ধোয়ার কৌশল এবং এর উপকারিতা সম্পর্কে জানানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন তারা।"
শিক্ষার্থীদের হাত ধোয়ার ব্যাপারে উৎসাহিত করতে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে পরিষ্কার-পরিচ্ছন্নতা মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে অভিনেতা এবং সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেন, "রাজনীতিবিদদের উচিত তাদের পাবলিক অ্যাড্রেসগুলোতে স্বাস্থ্য সচেতনমূলক বার্তা পৌঁছে দেওয়া।"
১৯৩৩ সাল থেকে জনপ্রিয় জীবাণুনাশক হিসেবে বাজারে ডেটল বিক্রি হচ্ছে।


চট্রগ্রাম